নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরিতে পাবনায় শুরু হয়েছে প্রচারণা। এর অংশ হিসেবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) পাবনা সদর উপজেলার দোগাছী বাজার এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে পরিবেশ, মাটি, পানি ও জনস্বাস্থ্যের ওপর পলিথিনের বিরূপ প্রভাব তুলে ধরে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে মানুষকে সচেতন করা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তবে সচেতনতামূলক প্রচারণার পরও কেউ যদি নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন বা মজুদ অব্যাহত রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ করার দায়ে রং বেরং স্টোর ও নাঈমা স্টোরকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা পুলিশ, পাবনার একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সচেতনতা তৈরির পরও যারা নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিনের ব্যবসা চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।