মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১২ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি, ধর্ষণ ও পর্নোগ্রাফি এবং জিএমপি অধ্যাদেশ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি কেরামত আলী (৪২)কে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ আল আমিন (৩১), রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বসবাসকারী; অপরজন মোঃ ইব্রাহিম সরদার (৩০), পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ভোগড়া সরকার বাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।
চুরি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন মোঃ লিখন মিয়া (৩০), মোঃ আমিনুল ইসলাম (২৮) এবং মোঃ সোহাগ মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামি বাদশা ফাহাদ (২৩)কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার আদেপাশা এলাকার বাসিন্দা।
অন্যদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় আব্দুল ওয়াহাব (৩০) ও মোঃ জলিল মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে উল্লিখিত ৯ জনকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।