সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার(১১আগস্ট) দুপুর ১ টার সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভ অনুষ্ঠিত হয়। এ সভায় বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সভায় শিক্ষার্থীদের সামনে মাদকাসক্তির ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, বর্তমানে তরুণ ও কিশোরদের একটি অংশ নানা প্রলোভন, খারাপ সঙ্গ এবং মাদকের সহজলভ্যতার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। এ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবারকে সন্তানের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত বক্তারা। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি কোনো শিক্ষার্থী বা তার পরিচিত কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে কীভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে শিক্ষার্থীরা মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।