ভূরুঙ্গামারীতে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফ তাকে আটক করে। আটক আজিবর রহমান উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন ব্যক্তি সোমবার দিবাগত রাতে সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও পালানোর সময় আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।
তাকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, এক বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।