কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. এজাজ (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।