জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই স্মৃতি স্তম্ভে হামলা শুধু একটি স্থাপনার ওপর আঘাত নয়, এটি মুক্তিকামী মানুষের চেতনা ও গণ-আকাঙ্ক্ষার ওপরও আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
জামালপুর সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন সাকিল তার বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলবে।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, বড় অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে ছোটখাটো ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সমাবেশে এনসিপি, ছাত্রশক্তি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।