জান্নাতুল ফেরদৌস, মাল্টিমিডিয়া রিপোর্টার:
দক্ষিণ রামেরকান্দা এলাকায় ড্রেন থাকলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ময়লা-আবর্জনা ও পলি জমে দীর্ঘদিন ধরে ড্রেনটি অকেজো হয়ে থাকলেও তা সংস্কার বা পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাগজ-কলমে ড্রেন নির্মাণ সম্পন্ন দেখিয়ে কর্তৃপক্ষের দায়িত্ব শেষ হলেও এর কোনো বাস্তব সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সঠিক পরিকল্পনা ও নিয়মিত তদারকির অভাবে ড্রেনটি এখন সাধারণ মানুষের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
অনেক জায়গায় ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে, আবার কোথাও ড্রেনের চেয়ে রাস্তার উচ্চতা বেশি থাকায় পানি সরতে পারছে না। বর্ষা মৌসুমে তো বটেই, এমনকি শুষ্ক মৌসুমেও বাসাবাড়ির ব্যবহৃত নোংরা পানি জমে ড্রেন উপচে রাস্তায় উঠে আসছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকায় মশার উপদ্রব ও নানা ধরনের রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সেলিম ও সুমাইয়া আক্ষেপ করে জানান, "ড্রেন করার সময় আমরা ভেবেছিলাম, এবার হয়তো আমাদের দীর্ঘদিনের নোংরা পানি ও জলাবদ্ধতার অবসান হবে। কিন্তু ড্রেন তৈরির পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ড্রেনে পানি জমে পচে যায়, দুর্গন্ধ ছড়ায়। ড্রেন থাকা আর না থাকা এখন সমান কথা।
এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। দুর্গন্ধযুক্ত নোংরা পানি মাড়িয়েই প্রতিদিন তাদের যাতায়াত করতে হচ্ছে।
জরুরি ভিত্তিতে ড্রেনটি সংস্কার, ময়লা পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।