রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জয়পুরহাটের ক্ষেতলালে পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা বহন, মাদক কারবারি গ্রেফতার

Author
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৭ am
জয়পুরহাটের ক্ষেতলালে পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা বহন, মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা বহন, মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি (ক্ষেতলাল) জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পেটের ভেতরে অভিনব কায়দায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট বহনের সময় মুকুল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালাম সরদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে এক ব্যক্তি পেটের ভেতরে ইয়াবা বহন করে সিএনজিযোগে ক্ষেতলালের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে ইটাখোলা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

একপর্যায়ে একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। সিএনজির একমাত্র যাত্রী মুকুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন ও সন্দেহজনক উত্তর দেন। পরে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা কিনে জয়পুরহাটসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে পেটের ভেতরে করে বহন করছিলেন।

পরে তার শরীরে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করতে জয়পুরহাট পৌরসভার আমতলী সিও কলোনিস্থ পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করা হয়। এক্স-রে প্রতিবেদনে পেটের ভেতরে একাধিক পোটলার উপস্থিতি ধরা পড়ে।

পরবর্তীতে ক্লিনিকের টয়লেটে নিয়ে গেলে মুকুল নিজেই পায়ুপথ দিয়ে পাঁচটি পোটলা বের করেন। প্রতিটি পোটলায় ১০০ পিস করে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৫০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!