আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি বাণিজ্যিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, দোকানপাটে হামলা-ভাঙচুর, এক কোটি টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. তাজুল ইসলাম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের পিতা ছামির উদ্দিন (ছামুদ আলী) ক্রয়সূত্রে শাপলা চত্বর এলাকার একটি সম্পত্তির বৈধ মালিক ছিলেন। উত্তরাধিকার সূত্রে বর্তমানে তিনি ও তার ভাইয়েরা ওই সম্পত্তির মালিক। দীর্ঘদিন ধরে সেখানে নির্মিত ছয়টি দোকান ভাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং সম্পত্তি-সংক্রান্ত সকল সরকারি খাজনা ও কর নিয়মিত পরিশোধ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুক্তিউর রহমান, রাইফেল সুমন, মাসুম ভূঁইয়াসহ ৫০-৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানপাটে হামলা চালায়। এ সময় তারা দোকানে তালা লাগিয়ে দেয়, সামনে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং দোকান জোরপূর্বক দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দিলে দোকান দখল, ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন মো. তাজুল ইসলাম।
উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
আর এ লায়ন সরকার