রবিবার, ০২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফুলবাড়িতে খেলার মাঠে কাঁচের টুকরো ছড়িয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন,ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ রাব্বি হাসান মোঃ রাব্বি হাসান
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৩২ pm
৩১
ফুলবাড়িতে খেলার মাঠে কাঁচের টুকরো ছড়িয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন,ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দুর্বৃত্তদের কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন যুবসমাজ।

শনিবার (২ আগস্ট) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন যুবসমাজ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠের একটি অংশে কিছু অবৈধ দখলদার দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। তাদের একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা মানছেন না। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, দ্রুত খেলার মাঠ দখলমুক্ত করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে মাঠে থাকা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!