নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক ব্যক্তির ভোগদখলীয় জমির পাকা আমন ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মল্লিকাদহ বালাপাড়া এলাকায়।
ভুক্তভোগী অনিল চন্দ্র রায়ের অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই জমিটি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম আদালত এবং দেবীগঞ্জ থানায় বেশ কয়েকবার সালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর পক্ষেই সিদ্ধান্ত দিয়েছিল বলে দাবি করেন অনিল চন্দ্র রায়।
এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অনিল চন্দ্র রায়ের পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। ওই ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১৮ জুলাই দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অনিল চন্দ্র রায় জানান, গত রোববার সকালে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা একটি মামলায় হাজিরা দিতে পঞ্চগড় আদালতে যান। এই অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে পাকা আমন ধান কেটে নিয়ে যায়। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে তাঁকে বিষয়টি জানান বলেও দাবি করেন তিনি।
তাঁর হিসাব অনুযায়ী, জমি থেকে প্রায় ৪০ মণ ধান কেটে নেওয়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। কেটে নেওয়া এই ধান অভিযুক্তদের একজনের বাড়িতে স্তূপ করে রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত মো. জসিম (৩০) বলেন, “আমি আমার জমির ধান কেটেছি। কাগজ যার, জমি তার।”
ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বিট কর্মকর্তা বলেন, “নালিশি জমিতে অনিল চন্দ্র রায় ধান রোপণ করেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ রয়েছে এবং তা বিচারাধীন। এর আগে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল, অনিল চন্দ্র রায় যেহেতু ধান রোপণ করেছেন, তাই তিনিই ধান কাটবেন।”
ভুক্তভোগী অনিল চন্দ্র রায় বলেন, “জমিটি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। জমি নিয়ে আগেও বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছে এবং সেই মামলা আদালতে চলমান রয়েছে। এখন আদালতের হাজিরা দেওয়ার সুযোগে আমাদের অনুপস্থিতিতে জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়া হলো। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ জমিটি দেবীগঞ্জ উপজেলার রসুলপুর মৌজার ৯৮ নম্বর জে.এল., ৩৯৭ নম্বর খতিয়ানের ৪৪৭ নম্বর দাগে অবস্থিত এবং এর পরিমাণ ৪৫ শতক।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “আমি অভিযোগ পেয়েছি। যেহেতু পক্ষগুলোর জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে ও সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”