ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল-আমিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বুধবার (১৪ অক্টোবর ) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকার সাতানিপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি দল বলিয়ারপুর এলাকায় অভিযান চালায়।
ডিবি উত্তর বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মোঃ মতিউর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য। অভিযানকালে বলিয়ারপুরের সাতানিপাড়া এলাকার বাসিন্দা মোঃ আল-আমিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৯ গ্রাম। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তার মোঃ আল-আমিন বলিয়ারপুর সাতানিপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার এর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।