মাল্টিমিডিয়া রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিদেশফেরত এক প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে বিদেশফেরত যাত্রী জুবাইদুল ইসলাম (৩০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত জুবাইদুল ইসলামকে নিয়ে তাঁর স্বজনরা একটি হাইস মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলবশত মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবাইদুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় একই পরিবারের আরও সাতজন আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।