মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর ইসলামের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম একই এলাকার বাহাদুর আলীর মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় প্রতিদিনের মতো স্কুলে যায় মরিয়ম। সকাল সাড়ে ১০টার দিকে তার মা সবুজা বেগম বিদ্যালয়ে গিয়ে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরবর্তীতে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
শনিবার(১২ সেপ্টেম্বর )রাতে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামিনুর ইসলামের ঘরের ভেতরে এক শিশুর মরদেহ পুঁতে রাখার খবর পান স্থানীয়রা। তথ্য পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শ্যামগঞ্জ কালীবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে জামিনুরের ঘরের মেঝে খুঁড়ে নিখোঁজ মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জামিনুর ইসলাম ও তার স্ত্রী সবুজা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামিনুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।