শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক-অভিভাবক-সুধীজনের সমন্বিত উদ্যোগের আহ্বান
কে এম দুলাল হোসেন (রাঙ্গামাটি)
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে ত্রিমুখী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ে সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সাক্ষ্যবধি চাকমা। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; এর সঙ্গে অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, নৈতিক শিক্ষা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যোগাযোগ অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিদ্যালয়ে ইতিবাচক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।