প্রতিনিধি:এন আই নাহিদ তালুকদার
কালিয়াকৈর,গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মসজিদচালা এলাকায় একটি ভাড়াকৃত খামারে অভিযান চালিয়ে চোরাই পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পুরুষ ও দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে মসজিদচালা এলাকার মোখলেস মাস্টারের ভাড়াকৃত খামারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি করা গরুগুলো বিক্রির উদ্দেশ্যে ওই খামারে এনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ খামারটিতে অভিযান চালায়। এ সময় খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিস মুন্সির ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোবিনা আক্তার (২৫) এবং ঝিনাইদহ জেলার কাঞ্চনচন্দ্র এলাকার মৃত বরুজের মেয়ে সালমা আক্তার (৩২)।
পুলিশ জানিয়েছে, পলাতক তিনজন হলেন সুমন শেখ, শহিদুল ইসলাম ও জিন্নাত আলী। তাদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, রেজাউল ইসলাম ও ইউসুফ আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ কবির ও জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আটক ব্যক্তিরা গরু চুরি ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন। উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের এই অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।