বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ তেল বিক্রির অভিযোগ

জনি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৫ pm
সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ তেল বিক্রির অভিযোগ
সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ তেল বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই ‘মেসার্স মা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বছরের পর বছর ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও তেল বিক্রিতে ব্যবহৃত মেশিন জব্দ করা হলেও অভিযোগ রয়েছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বর্তমানে রাতের আঁধারে গোপনে চলছে প্রতিষ্ঠানটির তেল বিক্রির কার্যক্রম।

জানা গেছে, গত বছরের ২৫ মার্চ দুপুরে সীমান্ত বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ‘মেসার্স মা ট্রেডার্স’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তেল বিক্রিতে ব্যবহৃত চারটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও প্রতিষ্ঠানটিকে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সিলগালা করা হয়েছিল। তবে এসব পদক্ষেপের পরও পরবর্তীতে আবারও সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি শুরু করা হয় বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের পেছনের অংশে শাটার লাগানো রয়েছে। ভেতরে গিয়ে দুটি ডিসপেন্সার মেশিন স্থাপিত অবস্থায় দেখা যায়। এছাড়া দোকানের সামনের অংশে একটি মিনি ডিসপেন্সার মেশিনও রাখা রয়েছে।

এদিকে পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন বা ডিলারশিপ ছাড়াই জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে দ্রুত স্থায়ী ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।

মেসার্স মা ট্রেডার্সের মালিক মো. আল আমিন সঙ্গে কথা হলে তিনি জানান, গত বছর ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর থেকে তারা বর্তমানে শুধু ড্রামের মাধ্যমে তেল বিক্রি করছেন।

তবে দোকানের ভেতরে দুটি ডিসপেন্সার মেশিন এবং বাইরে একটি মিনি ডিসপেন্সার মেশিন কেন রাখা হয়েছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। যে মেশিন দিয়ে তেল বিক্রি করা হয় না বলে দাবি করা হচ্ছে, সেগুলো এখনো দোকানে স্থাপিত থাকার যৌক্তিক ব্যাখ্যাও তিনি দিতে ব্যর্থ হন।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা বা প্রকাশ্যে ডিসপেন্সার ব্যবহার বন্ধ রাখা হলেও সন্ধ্যার পর ও রাতের আঁধারে পরিচিত বিভিন্ন যানবাহন ডেকে এনে গোপনে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করা হয়।

এভাবে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে তেল বিক্রির কার্যক্রম চলতে থাকায় স্থানীয় বাসিন্দা ও বৈধ জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি বন্ধে শুধু জরিমানা বা মেশিন জব্দ নয়, প্রয়োজনীয় তদন্ত করে স্থায়ী ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সচেতন মহল বলছে, অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এ ধরনের ব্যবসার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে। তাই সীমান্ত বাজারের কথিত অবৈধ তেল বিক্রির বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!