ঢাকা ডিবির উত্তরে পৃথক পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভার উপজেলা রিপোর্টার
ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (১৯ জুলাই) ভোর পর্যন্ত আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে আশুলিয়ার টংগাবাড়ি এলাকা থেকে শান্ত ইসলাম রহিম (২২)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকা থেকে আলমগীর হোসেন (৩১)কে আরও ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া, শনিবার ভোরে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় পৃথক অভিযানে সুমন মারমা (৪৫) ও কালাবি চাকমা (৩৮)কে ১ হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।