শালঝোড় সীমান্তে পুলিশের অভিযান: ভারতীয় গরু জব্দ, ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
আসাদুজ্জামান খোকন, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা দুইটি গরু জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি গরু ও চারজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুইটি গরু সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। বাকি ছয়টি গরুর মালিকানা যাচাই করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের কাছ থেকে ভারতীয় মোবাইল ফোন ও সচল ভারতীয় সিম উদ্ধার করা হয়। তাদের মোবাইলে ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জব্দকৃত গরুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শালঝোড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের প্রবণতা বেশি। এ কারণে ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।