সিংড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বগুড়া (মাল্টিমিডিয়া) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় র্যাব-১২ এর অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে বিকেল আনুমানিক ৫টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ ফয়েজ প্রামানিকের ছেলে রবিন প্রামানিক (৩৫), মোঃ নজরুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮) এবং মৃত আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম (৪০)-কে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি স্মার্ট মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
