(ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ ২০২৬) কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে জুলাশ মিয়া (৫০), পিতা- শিশু মিয়া, সাং শিমরাইলকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযানের সময় আটক ৪ জন শ্রমিক ভবিষ্যতে আর অবৈধভাবে মাটি কাটার কাজে জড়াবেন না মর্মে অঙ্গীকার করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
