৭৫ বিঘা জমির মালিকানা দাবি: বোধা উপজেলা কর্মকর্তাকে ঘিরে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন?
ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার।
একজন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার বিপুল সম্পদের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নিজেই দাবি করেছেন যে তার পরিবারের মালিকানায় মোট ৭৫ বিঘা জমি রয়েছে।
তথ্য অনুযায়ী, ওই কর্মকর্তার নিজের নামে ২৫ বিঘা, তার স্ত্রীর নামে ২৫ বিঘা এবং ছেলের নামে ২৫ বিঘা জমি রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রচলিত হিসাব অনুযায়ী ২০ কাঠা সমান ১ বিঘা। সে হিসেবে ৭৫ বিঘা জমি দাঁড়ায় ১৫০০ কাঠা।
বর্তমান বাজারদর অনুযায়ী যদি প্রতি কাঠা জমির গড় মূল্য ১৮ লাখ টাকা ধরা হয়, তাহলে জমিগুলোর মোট আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ২৭০ কোটি টাকা।
হিসাব অনুযায়ী—
১৫০০ কাঠা × ১৮,০০,০০০ টাকা = ২৭০ কোটি টাকা (প্রায়)।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই হিসাবের মধ্যে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় থাকা তার একাধিক বাড়ির মূল্য ধরা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এম ওয়াহিদুজ্জামানের +880 1712-85**51 মুঠোফোনে তার সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এমন বিপুল সম্পদের মালিকানা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, একজন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার পক্ষে এত বিপুল সম্পদের মালিক হওয়া কীভাবে সম্ভব।
সচেতন মহল বলছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ হলে জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্নেরও জবাব মিলবে।
জনস্বার্থে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
