সিরাজগঞ্জ কাজিপুরের গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ মোঃ বাছেদের দালালি, অতিষ্ঠ সাধারণ মানুষ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ বাছেদের বিরুদ্ধে দালালি, অতিরিক্ত টাকা আদায় ও ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠেছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একটি দলিলের নকল তুলতে যেখানে প্রায় ৭০০ টাকা খরচ হওয়ার কথা, সেখানে নকলনবিশ বাছেদ বিভিন্ন অজুহাতে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত করে দেওয়ার কথা বলে তিনি এভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও ভুয়া দলিল তৈরি করে জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
ভুক্তভোগীদের একজন জানান, “সরকারি ফি কম হলেও বাছেদ না দিলে কাজই হয় না। বাধ্য হয়ে অনেক বেশি টাকা দিতে হচ্ছে।” তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নকলনবিশ বাছেদ। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে টাকা দাবি করার ভিডিও প্রমাণও রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছেন, সাব-রেজিস্ট্রি অফিসে এমন অনিয়ম বন্ধে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন। এতে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে।
