নারী দিবসে কুড়িগ্রামে জেলা মহিলা দলের র্যালি, আলোচনা সভায় নারীর ক্ষমতায়নের আহ্বান
কুড়িগ্রাম প্রতিনিধি:আশির্বাদ রহমান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও সামাজিক উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
