ঘাটাইলে ফিলিং স্টেশন পরিদর্শন, বন্ধ থাকা বিক্রয় কার্যক্রম চালু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘাটাইল উপজেলার ৬টি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মেসার্স জমজম ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিক্রয় কার্যক্রম চালু করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারদের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি হস্তান্তর করা হয় এবং তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যানারে তথ্য প্রদর্শন এবং প্রতিদিন জ্বালানি তেলের বিক্রি ও মজুদের তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
প্রশাসনের এই পরিদর্শনে বর্তমানে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
