মাধবদীতে ঈদের কেনাকাটায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ১
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ভুক্তভোগী ওই নারীর মুঠোফোনে যোগাযোগ ছিল। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে তিনি একাই মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান।
অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ওই নারী খামারদী এলাকার একটি মাছের খামারের পাশে পৌঁছালে পরিচিত যুবকটি তাকে রাস্তা থেকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা আরও তিন যুবকসহ মোট চারজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে শুক্রবার সকালে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাধবদী থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
