উঠানে মাটি কাটতেই মিলল মানুষের অঙ্গের মতো মেটে আলু
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানুষের হাত-পায়ের আদলের মতো অদ্ভুত আকৃতির মেটে আলু পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শান্তিরাম ইউনিয়ন এর কালিয়ারছিড়া গ্রামে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
জানা যায়, বাড়ির উঠানে মাটি কাটার সময় কৃষক সাদ্দাম মিয়া কোদালে শক্ত কিছুতে আঘাত পান। পরে কৌতূহলবশত সেটি খুরে তুললে মাটি থেকে বেরিয়ে আসে ১৫ থেকে ২০ কেজি ওজনের একটি বড় মেটে আলু। আলুটির অস্বাভাবিক গঠন দেখে তিনি প্রথমে বিস্মিত হয়ে পড়েন।
স্থানীয়দের ভাষ্য, আলুটির কোনো অংশ মানুষের হাতের আঙুলের মতো, আবার কোনো অংশ পায়ের আকৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এমন ব্যতিক্রমী গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির বিস্ময় বলে আখ্যা দিচ্ছেন।
খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে আলুটি এক নজর দেখতে ভিড় জমে।
