কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্রের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই, ক্ষতি দুই লাখাধিক
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার, ৩ মার্চ ভোর বেলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ খাইরুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, জানান—ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে ঘুম থেকে জেগে দেখেন ঘরের ভেতর দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি ধারণা করছেন, ঘরের ভেতরে অটোরিকশা চার্জে সংযুক্ত ছিল; সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং আরেকটি ছাগল গুরুতর দগ্ধ হয়। এছাড়া একটি রিকশা ও একটি সাইকেলও আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
খাইরুল ইসলাম বলেন, “আমি একজন রিকশাচালক। কষ্ট করে মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার চালাই। আমার স্ত্রী ছাগল পালন করে বছরে কিছু আয় করতেন। তিলে তিলে সঞ্চয় করে এই ঘরটি নির্মাণ করেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেছে। সরকারের কাছে সহযোগিতা চাই, যেন আবার ঘরটি নির্মাণ করতে পারি।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উজ্জ্বল বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি ঘর, দুইটি ছাগল, একটি সাইকেল ও একটি রিকশার অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
