সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই ত্যাগই আমাদের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মান ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা বাড়াতে হবে।
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
