নরসিংদীতে র্যাবের অভিযানে একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের কার্তুজ উদ্ধার।
আর এ লায়ন সরকার,নরসিংদী:
নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ৮টা ৪০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন কাউরিয়া পাড়া ইউএমসি পরিত্যক্ত কলোনি-সংলগ্ন জঙ্গলে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করে।
র্যাব জানায়, অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুরো এলাকা তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
র্যাবের দাবি, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
