কসবায় আগুনে পুড়ল ৩ দোকান, সর্বস্বান্ত ব্যবসায়ীরা।
মোঃ আশরাফ উজ্জ্বল কসবা ব্রাক্ষণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা-র মনকশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় দোকান মালিক সূত্রে জানা যায়, বাজারের একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঔষধ ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার ঘটনায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কসবা ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মুদি দোকানের মালামাল, ঔষধ, নগদ টাকা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুল ইসলাম জামান বলেন, “আমি দুপুরের নামাজ শেষে বাসায় ছিলাম। হঠাৎ শুনতে পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি ভয়াবহ আগুন জ্বলছে। দোকানে তালা থাকায় কিছুই বের করতে পারিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে নগদ টাকা ও মালামাল রক্ষা করার সুযোগ পাইনি।”
পপুলার ফার্মেসির মালিক মতিউর রহমান জানান, তার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে কসবা ফায়ার সার্ভিস কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ছামিউল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
স্থানীয়দের ধারণা, আগুনে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবের চেয়েও বেশি হতে পারে।
