কৃষিতে নতুন সম্ভাবনা: কসবায় আধুনিক যন্ত্র পেলেন কৃষকরা
মোঃ আশরাফ উজ্জ্বল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে ৯টি সেচ যন্ত্র, ৮টি ধান কাটার রিপার মেশিন, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ২৩টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আসবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, “বাংলাদেশের কৃষক আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই।”
উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বৃদ্ধি পাবে। এতে কৃষকের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা।”
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষিযন্ত্র বিতরণের মতো কর্মসূচি কৃষি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
