জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন।
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জমি দখল, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার দুপুর তিনটার দিকে মিশিক ফার্মাসিউটিক্যালস সংলগ্ন নিজস্ব জায়গায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পারভীন আক্তার। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রায় ১০ দশমিক ২৫ শতাংশ পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ভুক্তভোগী পরিবার ওই জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত ২০ মে সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করে নেয় বলে দাবি করা হয়।
এ ঘটনায় বাধা দিতে গেলে রাজু মোল্লাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে পরিবারটিকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রাজু মোল্লা, হৃদয় মোল্লা, রফিকুল মোল্লা ও হিরণ মোল্লা। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের জমি দখলের চেষ্টা করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
