সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগে আব্দুল বাতেনকে লিগ্যাল নোটিশ
মোঃ মহিন উদ্দিন |
পারিবারিক সম্পত্তি দখল, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আব্দুল বাতেনের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের সম্পত্তি আত্মসাৎ ও বেআইনি দখলচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, লাকসামে অবস্থিত প্রায় ৮.১৬ শতক পারিবারিক জায়গা প্রায় ৭০ লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ এককভাবে ভোগ করেছেন আব্দুল বাতেন। যদিও উক্ত সম্পত্তির উপর তার একক মালিকানা বা দখলাধিকার ছিল না বলে দাবি করা হয়েছে। বিক্রিকৃত টাকার হিসাব প্রদানের জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বিদেশ থেকে দেশে ফেরার পর পরিবার তাকে সহযোগিতা করলেও পরবর্তীতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেন। একটি প্লট বিক্রির অনুমতি থাকলেও অভিযোগ রয়েছে যে, তিনি বেআইনিভাবে দুটি প্লট বিক্রি করেন এবং বিভিন্ন ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে জায়গা রেজিস্ট্রি করিয়ে নেন।
এছাড়া পরিবারের অনুমতি ছাড়া বাড়িতে অন্য ব্যক্তিকে রাখার অভিযোগও আনা হয়েছে। নোটিশ অনুযায়ী, বাড়ির গেইট ও দরজায় নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের প্রবেশে বাধা, আসবাবপত্র সরিয়ে ফেলা এবং বাড়ির চাবি অন্যের কাছে হস্তান্তরের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, প্রায় ১০ বছর আগে পরিবারের সকল সদস্যের যৌথ অর্থায়নে বাড়িটি নির্মাণ করা হয় এবং সবার সমান অধিকার রয়েছে। কিন্তু আব্দুল বাতেন এককভাবে দখল নেওয়ার চেষ্টা করছেন, যা আইনবিরোধী বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন।
আইনজীবীর পাঠানো নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের বিতর্কিত কার্যক্রম বন্ধ, বাড়ির চাবি বুঝিয়ে দেওয়া এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় সমাধানের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
