উদ্বোধনের এক মাসেই সড়কে ধস
প্রতিনিধি :এন আই নাহিদ তালুকদার
কালিয়াকৈর গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কের অংশ উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে এবং আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের একটি অংশ ভেঙে নিচে ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এত অল্প সময়ের মধ্যে সড়ক ধসে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) কোনো এক সময় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল গত ১৫ ডিসেম্বর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে প্রায় এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সড়ক ধসে পড়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয় চালক, পথচারী ও বাসিন্দারা জানান, ধসে পড়া অংশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার কাজ শুরু এবং নির্মাণে অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
