রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: বাড়ছে যানজট ও প্রাণহানির ঝুঁকি
তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি
রাজধানী ঢাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার সংখ্যা দ্রুত বেড়ে সড়ক পরিবহনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে তীব্র যানজট ও দুর্ঘটনা বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে রাজধানীতে প্রায় ১৫ লাখের বেশি ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল করছে,যার অধিকাংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা এবং অদক্ষ চালকের কারণে এসব যানবাহন প্রায় ২০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।
নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ সড়কে উঠে আসা, উল্টো পথে চলাচল এবং যাত্রী ওঠানামার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী ও অন্যান্য যানবাহন ঝুঁকিতে পড়ছে।
অন্যদিকে, অবৈধ চার্জিং স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগও রয়েছে, যা বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
আইনি নির্দেশনা থাকলেও কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নিবন্ধন, নীতিমালা ও কঠোর নিয়ন্ত্রণ ছাড়া ঢাকার ট্রাফিক ব্যবস্থা আরও বিপর্যস্ত হতে পারে।
