ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু।
মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল সাফওয়ান। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবার কাছে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে পানিতে ডুবে যায়। পরে সাফওয়ান বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
