মোঃ সুমন খান, গলাচিপা, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপায় এসএসসি পরীক্ষার্থীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অভিভাবক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উলানিয়া বন্দরের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরীক্ষার্থী আশিকুর রহমানের মা নার্গিস পারভীন। এসময় তার ছেলে আশিকুর রহমানও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নার্গিস পারভীন দাবি করেন, তার ছেলে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে প্রাইভেট না পড়ার কারণে এক শিক্ষক পূর্বের নির্বাচনী পরীক্ষায় তাকে ইচ্ছাকৃতভাবে ফেল করান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ফরম পূরণের সময় তার ছেলেকে সুযোগ না দিলেও একই প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়েছে। এমনকি অর্থ লেনদেনের মাধ্যমেও ফরম ফিলাপে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
নার্গিস পারভীন জানান, পরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বরিশাল শিক্ষা বোর্ডে জমা দিলে যাচাই-বাছাই শেষে তার ছেলেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিজের স্বাক্ষর অস্বীকার করেছেন বলে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে স্বাক্ষরটি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক অভিভাবক লিপি বেগম অভিযোগ করেন, অতিরিক্ত টাকা দিতে না পারায় তার ছেলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। তিনি বলেন, এ ঘটনায় তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
