বেলকুচিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ
মোঃ সোহেল রানা মাল্টিমিডিয়া রিপোর্টার সিরাজগঞ্জ
বেলকুচি (সিরাজগঞ্জ), ১১ জুলাই ২০২৬: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের (বিশেষ) আওতায় বিভিন্ন উন্নয়নমূলক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার ডেপুটি রেজিস্টার জনাব শাহনাজ প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আবু হেলাল।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (বিশেষ) আওতায় বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে সৌর প্যানেল, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, বেকার যুবকদের জন্য ভ্যান ও দোকানঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, সিলিং ফ্যান, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপনের সুবিধা এবং ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি সকলকে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
