সাংবাদিকতা ও সংগঠন নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ফারুক হোসেন
সাংবাদিকতা, গণমাধ্যম নেতৃত্ব এবং সাংবাদিক সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সকালের সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ও তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেএ টিভি।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের পেশাগত অবদান এবং সাংবাদিক সমাজে নেতৃত্বমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র জগতে পেশাদারিত্ব, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনে ফারুক হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে তেজগাঁও প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের জন্য একটি কার্যকর সাংগঠনিক পরিসর তৈরি করায় তিনি গণমাধ্যম অঙ্গনে প্রশংসিত।
অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি সাংবাদিকতার নৈতিকতা, মাঠপর্যায়ের বাস্তবতা এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তরুণ সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
অনুষ্ঠান শেষে ফারুক হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
