ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বদরুল আলম নাবিল
ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন সংবাদ উন্নয়ন এবং আধুনিক মিডিয়া ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেএ টিভি।
রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে দেশের অনলাইন গণমাধ্যমে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত ধারায় দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে বদরুল আলম নাবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আধুনিক সংবাদ উপস্থাপন, ডিজিটাল নিউজরুম পরিচালনা এবং তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তাঁর অবদান গণমাধ্যম অঙ্গনে প্রশংসিত।
কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে অংশ নিয়ে তিনি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন, “ডিজিটাল যুগে শুধু সংবাদ প্রকাশ করাই যথেষ্ট নয়, তথ্যের সত্যতা যাচাই এবং প্রযুক্তিগত দক্ষতাও একজন সাংবাদিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
অনুষ্ঠান শেষে বদরুল আলম নাবিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
