ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন অমৃত মলঙ্গি
ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন সংবাদ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেএ টিভি।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে দেশের গণমাধ্যম অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা অনলাইন সাংবাদিকতার বিকাশ, দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সংবাদ ব্যবস্থাপনায় অমৃত মলঙ্গির অবদান প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে তিনি অনলাইন সংবাদ মাধ্যমকে আধুনিক ও গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবেও অংশ নেন অমৃত মলঙ্গি। এ সময় তিনি মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা, ডিজিটাল নিউজ প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা এবং দ্রুত সংবাদ যাচাইয়ের আধুনিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর বক্তব্যে সাংবাদিকতায় প্রযুক্তির সঠিক ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অমৃত মলঙ্গির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
