হামে শিশুমৃত্যু থামছে না: দেড় মাসেও চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি, বাড়ছে উদ্বেগ
তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি-
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুমৃত্যুর সংখ্যা কমছে না বরং উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, ইতোমধ্যে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে সন্তান হারানো পরিবারের হৃদয়বিদারক গল্প। চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে অনেক পরিবার পড়ছে চরম আর্থিক সংকটে, কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ছে। হামের বিস্তার ঠেকাতে সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালু করলেও চিকিৎসা ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর আপৎকালীন চিকিৎসা পরিকল্পনা না থাকায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে।
একসময় টিকাদানের সাফল্যে হাম নির্মূলের পথে এগিয়ে থাকা দেশে নতুন করে এ রোগের বিস্তার নীতিনির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে। রোগের ব্যাপক বিস্তার, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
দেশব্যাপী সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলায় এবং পরে পর্যায়ক্রমে সব জেলায় হাম–রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকার আওতায় আনার হার প্রায় শতভাগের কাছাকাছি বলে দাবি করা হচ্ছে। জনস্বাস্থ্যবিদদের মতে, আক্রান্ত এলাকায় ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা গেলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংক্রমণ কমতে পারে।
তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা সুবিধার অভাব। জেলা ও বিভাগীয় পর্যায়ের অধিকাংশ হাসপাতালে আইসিইউ ও পিআইসিইউ সুবিধা না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে অভিভাবকদের ঢাকাসহ বড় শহরে ছুটতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে ঘুরতেই শিশুর মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। অতীতের মহামারি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জেলা পর্যায়ে আইসিইউ সক্ষমতা গড়ে না তোলার বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য–গবেষক সৈয়দ আব্দুল হামিদ বলেন, “হামে শিশুমৃত্যুর ঘটনা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গভীর দুর্বলতাকে স্পষ্ট করে তুলছে। আমরা এখনো প্রতিরোধ ভিত্তিক নয়, বরং সংকটনির্ভর প্রতিক্রিয়াশীল ব্যবস্থার মধ্যেই আবদ্ধ।” সংকট এলে আমরা সক্রিয় হই, কিন্তু স্থায়ী সমাধানে এগোই না।” বিশেষজ্ঞদের মতে, হামের বর্তমান পরিস্থিতি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নতুন করে সাজানোর একটি কঠোর সতর্কবার্তা। দ্রুত সমন্বিত পরিকল্পনা, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় জোর না দিলে ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য সংকটের মুখে পড়তে পারে দেশ।
