উখিয়ায় কৃষি প্রণোদনা ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ; পাহাড় কাটলে বাঘ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি এমপি শাহজাহান চৌধুরীর
মো গিয়াস উদ্দিন উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের -জরিপের ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরিবাবদ চেক তুলে দেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় আয়োজিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ এর সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিফাত আসমা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উখিয়ার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমাদের জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতে হবে। যেকোনো মূল্যে পাহাড় কাটা কমাতে হবে। একেবারে বন্ধ করতে না পারলেও এটি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে হবে।”
তিনি স্থানীয়দের সতর্ক করে এক ব্যতিক্রমী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আপনারা পাহাড় কাটা বন্ধ না করেন, তবে প্রয়োজনে আপনাদের দমনের জন্য এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এনে ছেড়ে দেবো। আপনারা সবাই চিন্তা করে দেখেন আমি যা বলছি তা ভালো না খারাপ।” প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা আউশ ধানের বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি ও রাজনৈতিক এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
