মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
মোঃ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা সেবনকারীদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের অপরাধ স্বীকার করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ (ছয়) মাস, ৪ (চার) মাস ও ১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
