কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘সার্চ কোরআনের আলো’ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কসবা উপজেলার সেরা ১০ জন কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ, পাগড়ি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও কসবার সাবেক ইউএনও মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও.ডি.পি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, কসবা থানা পুলিশের এসআই মো. মহিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বাবুল, রানওয়ের সভাপতি ডা. রাহাত মাহমুদ এবং সি.টি.এল-এর সাধারণ সম্পাদক মো. সজিব।
এছাড়াও অনুষ্ঠানে কসবার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও সার্চ অর্গানাইজেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এবং তিলাওয়াতের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
