মোঃ আশরাফ উজ্জ্বল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) উজ্জ্বল আকন্দসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার জাজিসার পূর্বপাড়া এলাকা থেকে একটি অটোরিকশাসহ মো. শরীফ মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ মিয়া জাজিসার স্কুলপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামি ও পলাতকদের ফেলে যাওয়া মোট ৯৮ বোতল মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৮ বোতল ভারতীয় মদ এবং ৪০ বোতল বিয়ার রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
