ভালুকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী নিহত
মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
ইভা আক্তার নিঝুরী গুচ্ছ গ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ইভা আক্তার তার চাচার অটোরিকশাযোগে চাচীর সঙ্গে চাচার শ্বশুরবাড়ি যাওয়ার পথে সামনে থেকে একটি ড্রাম ট্রাক আসতে দেখে অটোরিকশাটি হঠাৎ থামানো হয়। এ সময় ইভা রাস্তায় ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মাথা ও ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
