কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা।
১২ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২,৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮,৪৬,০০০/- (আট লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা।
এর আগে একই দিন আনুমানিক ২০৪৫ ঘটিকায় আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩,০১,৪০০/- (তিন লক্ষ এক হাজার চারশত) টাকা।
এছাড়া ১২ মার্চ ২০২৬ তারিখ ১৩৩৫ ঘটিকায় তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা।
অপরদিকে, ১৩ মার্চ ২০২৬ তারিখ ১১১০ ঘটিকায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার পাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১২,০৩,৯০০/- (বার লক্ষ তিন হাজার নয়শত) টাকা।
