বহুল প্রতীক্ষিত গলাচিপার রামনাবাদ নদীর ওপর সেতুর কাজ শুরু।
মোঃ সুমন খান (গলাচিপা) পটুয়াখালী।
গলাচিপা উপজেলাবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রামনাবাদ নদী–(গলাচিপা টু হরিদেবপুর) এর ওপর ৮৮৩ মিটার সেতু নির্মাণের প্রথামিক কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের জন্য মেসার্স এম এম বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক কাজ শুরু করেছে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে এই নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রত্যাশা ছিল গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালিবাসীর প্রাণের দাবি। বর্ষা মৌসুমে নদী পারাপার হয়ে উপজেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষের। ট্রলারে নদী পারাপার ছিল এতদিন একমাত্র ভরসা। ঝড়-বৃষ্টি কিংবা রাতের বেলায় নদী পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। স্কুল, কলেজগামী শিক্ষার্থী, রোগী ও শ্রমিকজীবীদের জন্য এই যাতায়াত সবচেয়ে কষ্টকর। গলাচিপা ব্যবসায়ীরা জানান, সেতু না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হয়। এতে সময় ও খরচ—দুটোই বেশি যায়। এখন কাজ শুরু হওয়ায় আমরা সবাই আশাবাদী। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সেতুটি নির্মিত হলে গলাচিপা উপজেলার সঙ্গে জেলা কিংবা রাজধানী শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, মৎস্য ব্যবসা ও স্থানীয় বাণিজ্যে সহজ হবে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ভূমি প্রস্তুত ও পাইলিং সংক্রান্ত কিছু কাজ করা হচ্ছে। তবে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও পূর্ণাঙ্গ নির্মাণকাজ শিগগিরই শুরু হবে বলে জানায়।
পটুয়াখালী জেলার এই গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে গলাচিপার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয়রা।
